নারাভানের স্মৃতিকথা ফাঁস? দিল্লি পুলিশের তদন্তে চাঞ্চল্য
প্রাক্তন সেনাপ্রধান মনোজ মুকুন্দ নারাভানের স্মৃতিকথা প্রকাশ ঘিরে তৈরি হওয়া বিতর্কে মুখ খুলল প্রকাশনা সংস্থা পেঙ্গুইন র্যান্ডম হাউস ইন্ডিয়া। সংস্থার পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, নারাভানের স্মৃতিকথা এখনও কোনওভাবেই প্রকাশিত হয়নি। বইটি ছাপা বা ডিজিটাল, কোনও ফরম্যাটেই বাজারে আনা হয়নি বলে দাবি প্রকাশকের।এই ব্যাখ্যা এসেছে ঠিক সেই সময়, যখন সোশ্যাল মিডিয়া ও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে বইটির একটি অননুমোদিত কপি ঘোরাফেরা করছে বলে অভিযোগ উঠেছে এবং সেই অভিযোগের ভিত্তিতে দিল্লি পুলিশ একটি মামলা দায়ের করেছে। নারাভানের স্মৃতিকথার নাম ফোর স্টারস অফ ডেসটিনি। এই বই এখনও সরকারি অনুমোদন পায়নি বলেই জানা যাচ্ছে।পেঙ্গুইন র্যান্ডম হাউস জানিয়েছে, বইটির প্রকাশনার একমাত্র অধিকার তাদের কাছেই রয়েছে। কিন্তু এখনও পর্যন্ত তারা কোনও কপি প্রকাশ, বিতরণ বা বিক্রি করেনি। সংস্থার দাবি, বর্তমানে যে কোনও প্রিন্ট কপি, পিডিএফ বা ডিজিটাল সংস্করণ ঘুরে বেড়াচ্ছে, তা সম্পূর্ণ বেআইনি এবং কপিরাইট লঙ্ঘনের শামিল। এই ধরনের কাজ অবিলম্বে বন্ধ করা উচিত বলেও জানিয়েছে তারা। একই সঙ্গে বেআইনি ভাবে যারা বইটি ছড়িয়েছে, তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে প্রকাশক সংস্থা।এর মধ্যেই দিল্লি পুলিশ জানায়, সোশ্যাল মিডিয়ায় একটি অপ্রকাশিত বই ছড়ানোর খবর সামনে আসার পর তারা বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে। পুলিশের দাবি, কয়েকটি ওয়েবসাইটে একটি টাইপসেট করা পিডিএফ পাওয়া গিয়েছে, যা দেখে মনে হচ্ছে প্রকাশকের পক্ষ থেকেই সেটি তৈরি করা হয়েছিল। এমনকি কিছু অনলাইন প্ল্যাটফর্মে বইয়ের কভার দেখিয়ে সেটি বিক্রির জন্য উপলব্ধ বলেও দেখানো হচ্ছিল।এই ঘটনায় দিল্লি পুলিশের স্পেশাল সেল একটি মামলা দায়ের করেছে। অনুমোদন না পাওয়া একটি বই কীভাবে বাইরে এল, কোথা থেকে ফাঁস হলসব দিক খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।এই বিতর্ক আরও ঘোরালো হয়ে ওঠে, যখন কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে সংসদ ভবন চত্বরে ওই বইয়ের মতো দেখতে একটি কপি হাতে নিয়ে দেখা যায়। তার পরেই লোকসভায় শুরু হয় তীব্র বাক্বিতণ্ডা। বারবার অধিবেশন বন্ধ হয় এবং শেষ পর্যন্ত বাজেট অধিবেশনের বাকি সময়ের জন্য আট জন সাংসদকে সাসপেন্ড করা হয়।এর আগে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানিয়েছিলেন, এই বইয়ের কোনও অনুমোদিত সংস্করণ এখনও নেই। প্রতিরক্ষা মন্ত্রকের ছাড়পত্র না পাওয়া পর্যন্ত বইটির অস্তিত্বই নেই বলেই দাবি করেছিলেন তিনি। নিয়ম অনুযায়ী, প্রাক্তন শীর্ষ সামরিক আধিকারিকদের স্মৃতিকথা প্রকাশের আগে সরকারি অনুমোদন প্রয়োজন, কারণ তাতে সংবেদনশীল তথ্য থাকার সম্ভাবনা থাকে।পরবর্তীতে রাহুল গান্ধী দাবি করেন, এই বিতর্কের কারণেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সংসদে বিষয়টি নিয়ে কোনও উত্তর দিতে এড়িয়ে গিয়েছেন। সব মিলিয়ে, যে বই এখনও প্রকাশই হয়নি, তা নিয়েই এখন দেশজুড়ে রাজনৈতিক ও প্রশাসনিক ঝড় বইছে।

